চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয় নতুন চালু হওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’। পুরস্কার ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউজের নির্দেশনা মেনেই তৈরি করা হয়েছিল এই পুরস্কার। প্রতিবেদনে আরও বলা হয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পুরস্কার চালুর সময় হোয়াইট হাউজের দেওয়া একাধিক শর্ত মেনে নেন।
ট্রাম্প প্রশাসনের অন্যতম দাবি ছিল— প্রথম শান্তি পুরস্কারের ট্রফির আকার যেন ফিফা বিশ্বকাপ ট্রফির সমান হয়। বিশ্বকাপ ট্রফির উচ্চতা ১৪.৫ ইঞ্চি এবং এতে ১৮ ক্যারেট খাঁটি সোনা ব্যবহৃত হয়। শান্তি পুরস্কারের ট্রফি নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে, এর উচ্চতা অন্তত এক ফুট।
হোয়াইট হাউজ আরও চেয়েছিল, পুরস্কার গ্রহণের সময় ট্রাম্পের পাশে দু’জন সেনা সদস্য দাঁড়িয়ে থাকবেন। যদিও তা বাস্তবায়িত হয়নি, তবে অনুষ্ঠানে মার্কিন নৌবাহিনীর দুই সদস্য ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দেন।
গণমাধ্যমের দাবি, পুরস্কার ঘোষণার আগে ট্রাম্প ও ফিফা এমন ভান করেছিলেন যেন পুরস্কারপ্রাপ্তির বিষয়টি অজানা। কিন্তু বাস্তবে ট্রাম্প নিজেই ফিফার সঙ্গে সমন্বয় করে এই সম্মান গ্রহণের ব্যবস্থা করেন। উল্লেখ্য, গত ৫ নভেম্বর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পরই ফিফা নতুন এই পুরস্কার চালুর ঘোষণা দেয়।
ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক আগেই প্রকাশ্যে এসেছিল। এবার অভিযোগ উঠেছে, নীতি ভেঙে পুরস্কার প্রদান করা হয়েছে। ফিফার নৈতিকতা পর্যবেক্ষক সংস্থা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
মানবাধিকার সংগঠন ফেয়ারস্কয়ার অভিযোগ করেছে, রাজনৈতিক নিরপেক্ষতার বাধ্যবাধকতা লঙ্ঘন করে ইনফান্তিনো ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। এতে ফিফার নিরপেক্ষতা, সুনাম ও অখণ্ডতা হুমকির মুখে পড়েছে।
ট্রাম্পকে দেওয়া হয় একটি ট্রফি, একটি মেডেল এবং একটি সনদ— যা নোবেল শান্তি পুরস্কারের তুলনায় অনেক বেশি সুবিধা। এছাড়া ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্টের কিছু পরিকল্পনার আগাম খবরও রাখেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
অনুষ্ঠানে ইনফান্তিনো ভেন্যুটিকে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ বলে উল্লেখ করেন। এর দুই সপ্তাহ পর কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের পক্ষে ভোট দেয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য কংগ্রেসের সিদ্ধান্ত প্রয়োজন।
JomunaTV



















